মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন , ই-পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। দীর্ঘদিন পর সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার সংসদের নেতৃত্বে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারি দলের আসনে বসছে। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রনেতৃত্বাধীন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি।
সংসদের রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সরকারি দলের একজন জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করবেন।
প্রথম দিনের কার্যতালিকায় মোট সাতটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও প্রথম অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের আলোকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন।
প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষভাবে স্মরণ করা হবে। এ উপলক্ষে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
অধিবেশনের শেষদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। প্রথম অধিবেশন প্রায় এক মাস চলার সম্ভাবনা রয়েছে।
তবে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তির কথাও শোনা যাচ্ছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে তাদের দল। অকারণ বিরোধিতা নয়, আবার যাচাই ছাড়া সমর্থনও নয়— এমন অবস্থান নিয়েই তারা সংসদে অংশ নেবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..