নড়াইলের লোহাগড়া উপজেলা-য় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু।
সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আতাউর রহমান বাচ্চু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিমসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপুসহ অনেকে।
সভায় বক্তব্যকালে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন,
“যার যার দপ্তর থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কোনো সমস্যা হবে না। কোনো রাজনৈতিক নেতার প্রভাব থাকবে না। সকলের সহযোগিতায় আমি একটি আদর্শ লোহাগড়া উপজেলা গড়ে তুলতে চাই।”
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।