সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন।
পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ফোনালাপে ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে সবাই যেন মানবিকতা ও সংযম বজায় রাখে এবং শরিফ ওসমান হাদির আরোগ্য কামনায় প্রার্থনা করে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।