চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল কুরআনুল কারীম ইনস্টিটিউট’-এর তিন কৃতি হাফেজকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আসন্ন মাহে রমজানে বাংলাভিশন টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’-এর মূল টেলিভিশন রাউন্ডে জায়গা করে নেওয়া হাফেজ আব্দুল্লাহ আল জুহাইর এবং সম্প্রতি আরটিভির ‘আলোকিত কুরআন’ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া দুই হাফেজকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসন্ন রমজানে বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত শীর্ষ ৩০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন হাফেজ আব্দুল্লাহ আল জুহাইর। চট্টগ্রাম বিভাগ থেকে টেলিভিশন রাউন্ডের জন্য তিনিই একমাত্র প্রতিযোগী। জুহাইর আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের আমিরাবাদ প্রধান কার্যালয়ের ছাত্র এবং লোহাগাড়া উপজেলার পুটিবিলা তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে, গত বছর একই মাদ্রাসার ছাত্র মুমিনুল হক বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ অনুষ্ঠানে অংশগ্রহণের গৌরব অর্জন করেছিলেন। সর্বশেষ গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে প্রচারিত ‘আলোকিত কুরআন’ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান এই প্রতিষ্ঠানের ছাত্র মুমিনুল হকসহ আরও একজন হাফেজ।
টেলিভিশনের পর্দায় কুরআনের তিলাওয়াত ও হিফজের মেধা তুলে ধরার এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত হয়ে মাদ্রাসার পক্ষ থেকে মোট তিনজন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে ফুলের পাপড়ি ছিটিয়ে ও গলায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এবং পরে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত আল কুরআনুল কারীম ইনস্টিটিউট হাফেজ ক্বারী মাওলানা আবু সাঈদের পরিচালনায় এবং নায়েবে আমির প্রধান হাফেজ ক্বারী মুহাইমিনুল হক আজমের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।
এই ক্যাটাগরীর আরো খবর..