জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ
জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের মধ্যে যারা তালিকাভুক্ত হতে পারেননি, তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য না রেখে নিরপেক্ষভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।