চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে হবে।
আইজিপি আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যেন তারা সন্তুষ্ট মনে ফিরে যেতে পারেন। নিরপরাধ কাউকে হয়রানি না করারও নির্দেশ দেন তিনি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উন্নত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।