আগামী ৩০ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি-এর আসন্ন কুষ্টিয়া জেলা আগমন উপলক্ষে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনায় প্রধানমন্ত্রীর আগমনকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, প্রটোকল, যাতায়াত ব্যবস্থাপনা, অভ্যর্থনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের। সফরটি সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সফরকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এই ক্যাটাগরীর আরো খবর..