কুষ্টিয়ার খোকসা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ‘ট’ বাজারে মাদক, কিশোর গ্যাং, চুরি, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় প্রধান অতিথি মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি এবং ডাকাতির মতো অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা অব্যাহত রাখার জোরালো আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন। এছাড়া উক্ত বাজারে কর্মরত বিভিন্ন দোকানদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..