বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন , ই-পেপার

সংবাদপত্রের স্বাধীনতায় সরকার বিশ্বাসী: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
প্রধানমন্ত্রী জানান, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে তিনি প্রতি তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে সংবাদমাধ্যমের আর্থিক সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করে গণমাধ্যমের বকেয়া বিল পরিশোধের ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, নোয়াব সদস্যরা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বৈঠকে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশন দেখেন। গণমাধ্যমে প্রকাশিত খবরকে তিনি গুরুত্ব দেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নোয়াব সদস্যদের সঙ্গে এটি ছিল তার প্রথম বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাজ্জেল হক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..