মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন , ই-পেপার

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলা দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর বিষয়টি প্রথমে নিশ্চিত হওয়া যায়। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে আরও নয়জনের মৃত্যু হয়েছে।
এদিকে কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..