স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো বেআইনি কার্যক্রম মেনে নেওয়া হবে না—তা দলের লোক হোক বা বাইরের কেউ। “আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না। দলের কেউ এসবের সঙ্গে যুক্ত হলে তার শাস্তি আগে হবে। তাই সবাইকে সাবধান হয়ে কাজ করতে হবে।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-এ জেলা সরকারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মির্জা ফখরুল জানান, মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল জমি পরিদর্শন করেছে এবং আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা মান উন্নয়ন ও পৌরসভার উন্নয়নেও কাজ চলমান।
তিনি আরও বলেন, কৃষি প্রকল্প বাস্তবায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীদের উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য সরকারি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “দুদক কাজ করবে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না। অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া বিএনপি মহাসচিব জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন-এর একটি ওয়ার্ডে কাজ চলছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-এ সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ডা: আবদুস সালাম ও জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।