বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন,
“জামায়াতে ইসলামি ক্ষমতার রাজনীতি নয়, ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াত ক্ষমতায় গেলে নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।”
তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন মিয়া-কে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন,
“নির্বাচনী মাঠে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভীতি ছড়াচ্ছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের ক্ষতি করা হবে বা নারীদের বোরকা পরতে বাধ্য করা হবে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার।”
তিনি বলেন, জামায়াতে ইসলামি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, অধিকার ও সম্মান নিশ্চিত করতে চায়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন মিয়া। তিনি বলেন,
“আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে বাঞ্ছারামপুরকে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর একটি মেঘনা-তিতাস বিধৌত অঞ্চল। জামায়াত সরকার গঠন করলে উলুকান্দি থেকে দক্ষিণ বাহেরচর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি কাজী আবুল বাশার-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মো. বজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জোনায়েদ হাসান, খেলাফত মজলিসের মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশ পাবে শান্তিপ্রিয়, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
বিশাল এই নির্বাচনী সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাওলাগঞ্জ বাজার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এই ক্যাটাগরীর আরো খবর..