নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এই আদেশ দেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় নতুন গতির সঞ্চার হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকার শ্বশুরবাড়ি সংলগ্ন একটি দোকানে নিজের ফেলে যাওয়া মোবাইল ফোনটি আনতে গিয়েছিলেন আলিফ। দোকানে পৌঁছাতেই তাকে লক্ষ্য করে একে একে ছয়টি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আলিফের পৈতৃক নিবাস কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে হলেও, তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
সোমবার দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত আসামির ২৪ ঘণ্টার (এক দিন) রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ২টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।