নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌরসভার তিন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মাসুদের রহমান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সতের মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো পৌরসভার কর্মচারীরা সতের মাইল এলাকায় ময়লা ফেলতে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও নারী ময়লা ফেলতে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তারা পৌরসভার শ্রমিক শফিকুল ইসলাম (৩৩), আশিক (৩০) ও শাহিনুল (২৯)-কে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন।
এ সময় হামলাকারীরা পৌরসভার তিনটি ময়লার ভ্যান আটকে রাখে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই নুরনবী ও এএসআই রেজাউল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “পৌরসভার কর্মচারীদের মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সোনাইমুড়ী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।