কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের পৃথক ও বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া একটি জিআর (GR) মামলার ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে দিকে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খোকসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত খোকসা থানা আওয়ামী লীগের সদস্য মোঃ বদর উদ্দিন খাঁন (৬৫)-কে গ্রেফতার করা হয়। তিনি খোকসা উপজেলার শোমসপুর গ্রামের মৃত সামছুদ্দিন খাঁনের ছেলে। একই অভিযানে খোকসা থানা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান হোসেন (১৯)-কেও গ্রেফতার করা হয়। তিনি খোকসা উপজেলার মামুদানিপুর গ্রামের মোঃ সালাম মাতুব্বারের ছেলে।
অপরদিকে, খোকসা থানাধীন গোপগ্রাম ডাঙ্গীপাড়া এলাকায় ডাঙ্গীপাড়া থেকে মধ্যপাড়াগামী পাকা রাস্তার ওপর আসামি সাইদুল শেখের বাড়ির সামনে থেকে মোঃ সাইদুল শেখ (২৭) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাইদুল শেখ গোপগ্রাম (ডাঙ্গীপাড়া) গ্রামের মৃত হাবিবুর রহমান ও রেবেকা খাতুনের ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৯, তারিখ-১৯/১১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে একটি জিআর (GR) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইম হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি খোকসা উপজেলার দেবীনগর গ্রামের মোঃ সাহাবুদ্দিন শেখের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং খোকসা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে খোকসা থানা পুলিশ।
এই ক্যাটাগরীর আরো খবর..